মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের উত্তরাঞ্চলে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। দেশটিতে এ পর্যন্ত পাঁচ হাজারের অধিক পরিযায়ী সারস মারা গেছে। সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় খামারিদের জোরপূর্বক মুরগি মেরে ফেলতে বাধ্য করা হচ্ছে। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে মারাত্মক বন্যপ্রাণী বিপর্যয়’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যদিও ‘পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে’ বলে জানিয়েছেন উরি নাভি নামে ইসরায়েলের পার্ক ও প্রকৃতি কর্তৃপক্ষের এক জ্যেষ্ঠ বিজ্ঞানী। তিনি বলেছেন, পানির মাঝখানে অধিকাংশ পাখি মারা যাওয়ার কারণে সেখান থেকে সেগুলো পরিষ্কার করা ক্রমেই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
পরিবেশ সংরক্ষণ মন্ত্রী তামার জান্দবার্গ ‘দেশের ইতিহাসে বন্যপ্রাণীর সবচেয়ে মারাত্মক ক্ষতি’ বলে উল্লেখ করেছেন।
হুলা লেক পার্কের মুখপাত্র ইয়ারন মাইকেলি মনে করেন, যেখানে সারস পাখিগুলো সবচেয়ে বেশি, সেখান থেকে পার্কের কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলো সরিয়ে নিচ্ছেন। যদিও ভয়ের বিষয় হচ্ছে এগুলো থেকে অন্যান্য বন্যপ্রাণীও সংক্রমিত হতে পারে।
কৃষি মন্ত্রণালয়ের মুখপাত্র ডাফনা ইউরিস্তা মনে করেন, রোগের বিস্তার ঠেকাতে এলাকার ৫০ লাখ মুরগি জবাই করা হচ্ছে।
আফ্রিকা যাওয়ার পথে প্রতি বছর অন্তত পাঁচ লাখ সারস ইসরায়েল অতিক্রম করে জানিয়েছেন মাইকেলি। তিনি দাবি করেন, যার কিছু সংখ্যক এখানে অবস্থান করে। এবারের শীত মৌসুমে ইসরায়েলে ৩০ হাজার সারস অবস্থান করতে পারে। যদিও বর্তমানে পরিস্থিতি আগের চেয়ে উন্নতির পথে বলেও জানান হুলা লেক পার্কের মুখপাত্র।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় বলছে, কৃষি, পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লোকজনের মধ্যে সংক্রমণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নিও বলেও জানানো হয়েছে।
সূত্র : লস অ্যাঞ্জেলেস টাইমস